spot_img

আমেরিকার ৪৩২ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) আইআরজিসির মুখপাত্র হোসেইন মহবি বলেন, বুশেহর শহরের আকাশসীমা লঙ্ঘনের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করে।

ইরানের দাবি অনুযায়ী, ভূপাতিত হওয়া ড্রোনটির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩২ কোটি টাকা।

এমকিউ-৯ রিপার আমেরিকার বহুল ব্যবহৃত একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। এর মৌলিক কাঠামোর উৎপাদন ব্যয় প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তবে এতে মাল্টি-স্পেক্ট্রাল টার্গেটিং সিস্টেম, থার্মাল ক্যামেরা, উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম যুক্ত হলে একটি পূর্ণাঙ্গ ড্রোনের দাম ৩ থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে পৌঁছায়।

বিশেষায়িত নজরদারি প্রযুক্তি ও অতিরিক্ত সক্ষমতা যুক্ত সংস্করণের মূল্য ৫ থেকে ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে ইরানের এ দাবির বিষয়ে আমেরিকার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ