বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
রায়ের বিষয়ে শহীদ আবরারের বাবা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সবার যেন মৃত্যুদণ্ড হয়, সেই প্রত্যাশা করছি। এবার যেন রায়ের তারিখ পেছানো না হয়।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মুহাম্মাদ কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের ২৮ নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় শেষ পর্যন্ত তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর রায়ের দিন ধার্য করা হয়। রায়ে আর কোনো বিলম্ব হোক তা চায় না আবরারের পরিবার।
নিহত আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, আজ ২৬ মাস হলো ভাইয়াকে হত্যা করার। আগামীকাল (আজ) আবারো রায় ঘোষণার দিন ধার্য আছে। আশা করছি, আদালত আর বিলম্ব না করে মামলার রায় দেওয়া হবে। দেরিতে হলেও সব আসামি তাদের প্রাপ্য শাস্তি পাবে এটা আমাদের সকলেরই চাওয়া।











