গাজ্জায় ইসরাইলি বিমান হামলায় শাহাদাত বরন করেছেন বিখ্যাত লেখক ও সাহিত্যিক ড. রিফাত আরায়িরু।
তাঁর শ্বশুর জানিয়েছেন, ড. রিফাত তাঁর ভাই, বোন ও চার সন্তানসহ ইসরাইলী হামলায় নিহত হয়েছেন।
ড. রিফাত গাজ্জার ইসলামিক ইউনিভার্সিটিতে সাহিত্যের শিক্ষক ছিলেন। ১১ অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে যায়।
গাজ্জায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর তিনি উত্তর গাজ্জা ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন। শহীদ হওয়ার দুই দিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন যাতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তিনি লিখেছেন, ‘ভবনটি কাঁপছে। ধ্বংসাবশেষগুলো দেয়ালে আঘাত করছে’।
২০১৫ সালে ‘খবরে ফিলিস্তিনিদের সংখ্যার পেছনের গল্প বলুন’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন তিনি যার নাম ‘উই আর নট নাম্বারস’।
ড. রিফাত গাজ্জা শহরের মূল অধিবাসীদের একজন। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে তুলনামূলক সাহিত্যে এমএ করেছেন। মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ইংরেজি সাহিত্যে পিএইচডি। ২০০৭ সাল থেকে গাজ্জার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্য, তুলনামূলক সাহিত্য ও সৃজনশীল সাহিত্যে অধ্যাপনা করছিলেন।











