spot_img

আমেরিকার সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আমেরিকার সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়।

তিনি বলেন, বর্তমানে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল ইলিন লব্যাচার বাংলাদেশ সফরে রয়েছেন। আগামী সপ্তাহে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া সম্পর্ক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর বাংলাদেশ সফরের কথা রয়েছে। আমরা খুবই খুশি যে, তারা (মার্কিন কর্মকর্তারা) এ দেশে আসছেন।

সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশে কয়েকজন মার্কিন শীর্ষ কর্মকর্তার সফরের পরিপ্রেক্ষিতে তিনি সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।

মোমেন বলেন, বাংলাদেশ ও আমেরিকা উভয় দেশই গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধের মতো অভিন্ন মূল্যবোধ ও আদর্শে বিশ্বাসী বিধায় ঢাকা ওয়াশিংটনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বহুমুখী সম্পর্ক বরাজ রাখছে এবং দেশ দুটি শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ু ইস্যু ও সামুদ্রিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতে একসাথে কাজ করছে।

তিনি বলেন, যখন কোনো বন্ধুরাষ্ট্র যথাযথ চ্যানেলে কোনো ইস্যু উত্থাপন করে বা কোনো ব্যাপারে পরামর্শ দেয়, তখন ঢাকা তার পক্ষ থেকে সেই শূন্যতা পূরণ বা দুর্বলতা ঘোচাতে সব সময়ই পদক্ষেপ নিয়ে থাকে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে মোমেন ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যদি কোথাও কোনো ঘাটতি থাকে, তারা আমাদের আনুষ্ঠানিকভাবে তা অবহিত করলে, আমরা তা সমাধান করব। আর এ ব্যাপারে আমরা খুবই ইতিবাচক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ