পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি বলেছেন, এই প্রতিবেশী দেশ তালেবান শাসনকে সহায়তা করছে, আর এর ফল শুধু পাকিস্তানের জন্য নয়, পুরো অঞ্চল এবং বিশ্ব শান্তির জন্যও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জারদারি বলেন, কিছু প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ড থেকে সন্ত্রাসী উপাদানকে পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালানোর অনুমতি দিয়ে অপরাধে অংশীদার হয়ে গেছে।
আসিফ জারদারি আরও বলেন, কিছু দেশ শুধু তাদের সরাসরি আর্থিক সহায়তাই করে না, বরং তাদের প্রযুক্তিগত এবং সামরিক উপায়-উপকরণও সরবরাহ করে।
তার দাবি, তালেবান শাসন এমন পরিস্থিতি তৈরি করেছে, যা নাইন ইলেভেনের আগের সময়ের চেয়েও বেশি বিপজ্জনক।
প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করায় বিশ্ব নেতৃবৃন্দ ও দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সূত্র : ডেইলি জং











