কিউবায় অবস্থিত আমেরিকার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০ বছর পর ছাড়া পেয়েছেন সৌদি আরবের এক ইঞ্জিনিয়ার।
বৃহস্পতিবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবের ওই ইঞ্জিনিয়ারের নাম আল সারাবি। বর্তমানে তার বয়স ৪৮ বছর। যখন তাকে গুয়ানতানামো বে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তখন ২৮ বছরের এক যুবক ছিলেন তিনি।
দীর্ঘ ২০ বছর আল সারাবিকে আটকে রাখলেও তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনতে পারেনি মার্কিন প্রশাসন।
আমেরিকার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে একটি রিভিও বোর্ড বিচার-বিশ্লেষণ করে আল সারাবির ব্যাপারে মতামত দেয়, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য তিনি এখন আর কোনো হুমকি নন। ফলে তাকে আটকে রাখার প্রয়োজনীয়তা নেই।
এরপর আল সারাবিকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়। তবে তাকে নজরদারির মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।











