হরমুজ প্রণালির কাছে আমেরিকার সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলটরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (০৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, দুর্ঘটনায় কবলিত পাইলরা ভালো আছেন। আমরা এ বিষয়ে কাল একটি রিপোর্ট প্রকাশ করব।
এর আগে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, হেলিকপ্টারে দুজন ক্রু ছিলেন। তাদের নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে ওই প্রতিবেদেন তাদের শারীরিক অবস্থা কেমন আছে সেটি স্পষ্ট করা হয়নি।
সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস আরও বলেছে, অ্যাপাচি হেলিকপ্টারটি কি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না সেটি এখনো জানা যায়নি।
সংবাদমাধ্যমটি বলছে, আমেরিকা প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা











