spot_img
spot_img

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অঞ্চলের বিভিন্ন সাম্প্রতিক ঘটনার বিষয়ে উদ্বেগ জানান।

গুতেরেস সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেবানন, ইরান ও গাজ্জায় কার্যকর যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে। একইসঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে, এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজ্জায় প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়ার ইসরাইলের সিদ্ধান্ত নিয়েও তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অবিলম্বে সব সীমান্ত ও প্রবেশপথ পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান, যাতে মানবিক সহায়তা ও জরুরি পণ্য সরবরাহ নির্বিঘ্নে চালানো যায়।

এ ছাড়া আন্তর্জাতিক জলপথে চলাচলের অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর ওপরও জোর দেন জাতিসংঘ মহাসচিব।

বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য হরমুজ প্রণালিতে ইরান ও আমেরিকার আরোপিত বিভিন্ন নৌ অবরোধ এবং চলাচলসংক্রান্ত উত্তেজনার প্রতি ইঙ্গিত বহন করে।

গুতেরেস বলেন, সংলাপ ও আলোচনাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের এই আহ্বানকে পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ