আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি সম্পাদন করা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় জাতীয় স্বার্থের বিষয়।
সোমবার (৮ জুন) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরাইল ও আমেরিকার মধ্যে অনেক অভিন্ন স্বার্থ থাকলেও, কিছু ক্ষেত্রে দুই দেশের স্বার্থের ভিন্নতা বা সংঘাত রয়েছে।
তিনি উল্লেখ করেন, গত কয়েক মাস এবং বিশেষ করে বিগত দেড় বছরের নানা ঘটনাক্রমের পর এখন এমন একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমেরিকান প্রশাসন বিশ্বাস করে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিকে সঠিক বলে সমর্থন জানান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।
ইসরাইলের সম্ভাব্য আপত্তির বিষয়ে খোলামেলা বক্তব্য রেখে তিনি বলেন, ইরানের সঙ্গে আমেরিকার এই দীর্ঘমেয়াদি চুক্তিটি ইসরাইল পছন্দ করতেও পারে, আবার নাও করতে পারে।
তবে কৌশলগত অবস্থান থেকে আমেরিকান প্রশাসন মনে করে, এই চুক্তিটি মূলত আমেরিকার নিজস্ব স্বার্থ ও সুরক্ষার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক।
তার এই মন্তব্য থেকে স্পষ্ট হয়, মধ্যপ্রাচ্য নীতিতে মিত্র দেশ ইসরাইলের মনস্তাপের চেয়েও নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে বদ্ধপরিকর বর্তমান মার্কিন প্রশাসন।
সূত্র: আল জাজিরা











