আবু বকর সিদ্দিক
চুয়াডাঙ্গায় মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
রবিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী জানান, রাতে সীমান্তে মহিষ আনতে যান আমার বড় ভাই মুনতাজ। রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপরপাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ঘটনাটি শোনার পর আমরা বিএসএফ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।











