৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। চলমান এ পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত। বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
আজ সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে।
এফওসি শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও বিক্রম মিশ্রি। পরে জসীম-মিশ্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। বৈঠকে বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরও অনেক উপাদান থাকবে।
জানা গেছে, এফওসি শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যাবেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব। সেখানে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।











