গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি সব সময় ঐক্যের কথা বলেছি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবার বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বেইলি রোডের বাসা থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশের কথা বলেছেন তা এখনও অনেক দূরে। তার স্বপ্নের সেই দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহুর্তে বড় প্রয়োজন ঐক্যের।
তিনি বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালোটাকার খেলা বন্ধ করতে হবে। আজ ১০ জানুয়ারি আমার জীবনের স্মরণীয় দিন। এ দিনে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশে ফিরেছি।










