জনসংখ্যা বাড়াতে ইতোমধ্যে তোড়জোড় শুরু করেছে চীন। জন্মহার বাড়াতে দেওয়া হচ্ছে অনুদান। দেশটির স্থানীয় নেতাদের জন্মহার বাড়ানোর জন্য সাহসী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বেইজিংয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, শিশু জন্ম ও তার লালন-পালনে পরিবারের ব্যয় কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন চীনের জনসংখ্যা পর্যবেক্ষণ ও ফ্যামিলি ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। এতে করে জন্মহার বাড়বে বলে দাবি ওই কর্মকর্তার। শুক্রবার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের জনসংখ্যা পর্যবেক্ষণ ও ফ্যামিলি ডেভেলপমেন্ট বিভাগ দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ওই বিভাগের প্রধান ইয়াং ওয়েনজুহাং জনসংখ্যা বাড়ানোর জন্য সাহসী পদক্ষেপ নিতে বলেছেন বলে ওই সংবাদপত্রটি বলেছে।
ইয়াং বলেছেন, অর্থ ও ক্যারিয়ারের উদ্বেগের জন্যই নারীরা গর্ভধারণ করছে না। তাদের গর্ভধারণে ইচ্ছুক করতে বেশ কিছু পলিসির পরিবর্তন করতে হবে।
বেইজিংয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, জনসংখ্যার দীর্ঘমেয়াদী ভারসাম্য রাখতে স্থানীয় সরকারগুলোকে কাজ করতে হবে। শিশু জন্ম, শিশু যত্ন ও শিক্ষার খরচ কমাতে নতুন পদক্ষেপ নিতে হবে।
সূত্র : রয়টার্স











