স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, জন্মনিবন্ধনপ্রপ্তিতে যদি কোনো স্তরে জনগণকে হয়রানি করা হয়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। জন্মনিবন্ধনটা ইদানিংকালে খুব বার্নিং ইস্যু হিসেবে আমরা দেখছি। তারপরও কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জন্মনিবন্ধন প্রাপ্তি কীভাবে আরও সহজ করা যায় সেজন্যই আমরা বসেছি। যাতে কাউকে হয়রানি করতে না পারে।
আজ রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার জন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, অটোমেশন হয়ে মানুষ যেভাবে জন্মনিবন্ধন পাচ্ছে সেখানে অনেক ত্রুটি আছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। সেটি ওভারকাম করতেই আজকের সভা। একটি সভা করলেই সব সমাধান হয়ে যাবে পৃথিবীর কোথাও সেটি নেই।
সার্ভার জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখানে সার্ভার নতুনভাবে রিরেশোনালাইজেশন হয়েছে। সেজন্য সার্ভার কিছুদিন সিস্টেম শাটডাউন ছিল। এখন চালু হয়েছে। এখনও কোনো কমপ্লেইন আছে কি না আমি নিশ্চিত না। এটা অনেক টাকা বিনিয়োগ করে করা হয়েছে। ইউনিসেফ আমাদের আর্থিকভাবে সহায়তা করেছে। তারা নিজেরাই দেখভাল করছে যাতে সুন্দরভাবে এটি পরিচালনা করা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, জন্মনিবন্ধনে অসংখ্য ভুল। আপনি যেভাবে দরকার সেভাবে সেটি সমাধান করবেন। এই যে লোয়ার এনটিটি হলো ইউনিয়ন পরিষদ। সেখানকার মেম্বারদের সেখানে এই কাজে নিয়োগ করা যাবে কি না জানি না। একটি ইউনিয়নে ২৫ হাজার লোক, সেখানে অনেক দূরত্বও রয়েছে। অনেকে ইচ্ছাকৃতভাবে এসমস্ত জায়গায় যেতে পারে না। এখানে একটি ম্যাকানিজম থাকতে পারে এখানে কার জন্ম হবে সঙ্গে সঙ্গে সেটি নিবন্ধন করা। সেক্ষেত্রে চেয়ারম্যানদের একটিভ হতে হবে। চেয়ারম্যানরা যখন মাসিক মিটিং করবে তখন প্রত্যেকটি নাগরিকের খবর রাখতে হবে, কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেছে, কে মৃত্যুবরণ করেছে।










