spot_img
spot_img

মাওলানা হাফেজ কাসেমের ইন্তেকালে হেফাজত আমীরের শোক

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী মুহতামিম ও ফটিকছড়ি তালিমুদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ কাসেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ- এর আমীর এবং হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় হেফাজত আমীর বলেন, হাফেজ কাসেম দেশের শীর্ষ একজন আলেম ও মুরুব্বি ছিলেন। তিনি দীর্ঘদিন দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক ও শিক্ষা সচিবের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে হাটহাজারী মাদরাসায় হাদীসের খেদমত করেছেন। হাফেজ কাসেমের ইন্তেকালে ইলমি ময়দানে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।

আল্লামা বাবুনগরী বলেন, হাফেজ কাসেম আমার শ্রদ্ধাভাজন চাচা। আমার দাদা নাজিরহাট মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল আহমদ রহ. ছিলেন বিখ্যাত আলেম। হাফেজ কাসেম স্বীয় পিতার পদাঙ্ক অনুসরণ করে নিজেকে একজন যোগ্য আলেমে দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি নাজিরহাট মাদরাসার মজলিশে শূরার অন্যতম সদস্য ছিলেন। আমরণ তিনি দরস-তাদরীস সহ দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দু‘আ করি, আল্লাহ তা‘আলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন, তাঁর পরিচালিত তালীমুদ্দীন মাদরাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং তাঁর সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

উল্লেখ্য; প্রবীণ আলেম মাওলানা হাফেজ কাসেম গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত তালিমুদ্দীন মাদরাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ