মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দীকা (রা.)-কে নিয়ে কটূক্তিকারী বিজেপি নেতাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে ভারতের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।
শুক্রবার (১০ জুন) জামিয়ার বায়তুল করীম জামে মসজিদে জুম’আর বয়ানে তিনি এ আহ্বান জানান।
আল্লামা ইয়াহইয়া বলেন, আমরা জানি, আমাদের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সদস্যগণ নিজেদেরকে ইসলামভীরু ঈমানদার দাবি করেন। তাই আমরা আশা করি যে, একজন ঈমানদার হিসেবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অপমানের প্রতিবাদে তারা সক্রিয় হয়ে উঠবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিরুদ্ধে এই চরম কটূক্তির বিরুদ্ধে যখন সমগ্র মুসলিমবিশ্ব প্রতিবাদে উত্তাল, তখন বাংলাদেশের এখনও পর্যন্ত নীরবতায় জাতি গভীর হতাশ হয়েছে।
আল্লামা ইয়াহইয়া আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে কটূক্তি ও মানহানীকর এ উক্তির প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিবাদ করা না হয়, তাহলে দেশের জনগণ ফুঁসে উঠলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, মুসলমানরা নিজের জান-মাল, পরিবার-পরিজন, সন্তান-সন্ততি থেকে কোটিগুণ বেশি মুহাব্বাত করেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের প্রিয়নবীকে নিয়ে তারা অপবাদ দিয়েছে। একজন ঈমানদার কখনো এটা সহ্য করতে পারে না। যারা নবীকে নিয়ে কটূক্তি করে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে ভারত সরকার যেনো সমগ্র মুসলিম উম্মাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননাকারী দুই কুলাঙ্গারকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনে।
তিনি আরও বলেন, মুমিনরা হচ্ছেন আল্লাহ তা’আলার প্রিয় বান্দা। যারা তাদের কষ্ট দিচ্ছে, বিনা কারণে বন্দি করে রেখেছে, আল্লাহ তা’আলা কখনো তাদের ছেড়ে দিবেন না। আল্লাহ তা’আলার ক্রোধ থেকে তারা কখনোই নিস্তার পাবে না। এই চির সত্যটা যত দ্রুত তারা বুঝবেন, ততই কল্যাণ। অন্যথায় পরে আফসোস করে লাভ হবে না।











