ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে। এর জন্য এখন দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেন ট্রাম্প।
পোস্টে ইরানের সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা’ হিসেবে আখ্যায়িত করার আগের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ইরানের নৌ ও বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক শক্তির এখন আর কোনো অস্তিত্ব নেই।
ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে দাবি করে তিনি লেখেন, “ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত!”
আমেরিকার সঙ্গে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত। কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে!
তবে ‘চড়া মূল্য’ বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
সূত্র: আল জাজিরা











