আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, সাহারা খাতুন আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চুয়াল স্মরণ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, দেশ ও জাতির দুঃসময়ে, আওয়ামী লীগের সংগ্রামী পথ চলায় সাহারা খাতুন আজ ও আগামী প্রজন্মের জন্য অফুরান প্রেরণার উৎস হয়ে থাকবেন।
আমু আরও বলেন, সাহারা খাতুনের চলে যাওয়া শুধু আওয়ামী লীগের জন্য নয়, জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সনজীদা খাতুন প্রমুখ।
সূত্র : বাসস











