ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ কর্মকর্তা মাইকেল লিংক।
তিনি বলেন, জেরুসালেম ও পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতকারীরা ফিলিস্তিনিদের নির্যাতন করে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে তা দখলের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে।
শুক্রবার (৯ জুলাই) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইসরাইল নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন এবং তাদের বিদ্যুৎ লাইন বন্ধ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সজ্ঞা অনুসারে যুদ্ধাপরাধ করেছে।
তিনি আরও বলেন, ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখলে অংশ নিয়ে একই ধরনের যুদ্ধাপরাধ করেছে অবৈধ ইহুদি বসতকারীরা।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ওই কর্মকর্তা বলেন, তাকে ইসরাইলি কর্তৃপক্ষ তদন্ত কাজে কোনো প্রকার সহযোগিতা তো করেইনি; বরং তাকে বয়কট করে জাতিসংঘকে অপমান করেছে।
জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী দলের তথ্য অনুযায়ী, ইসরাইল পূর্ব জেরুসালেম ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করে ৩০০ অবৈধ বসতি নির্মাণ করেছে, যাতে ৬ লাখ ৮০ হাজার ইহুদি বসবাস করছে।












