কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পারিবারিক কলহের জেরে পারভীন আক্তার(১৮) নামে এক স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মোঃ ইয়াছিন(২০)-কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
সোমবার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০ নং এর বাসিন্দা কালু হাজীর ছেলে মোঃ ইয়াছিন(২০) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীন আক্তার (১৮), পিতা-বশির আহমেদ, ব্লক-ডি, শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০,কে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং ভিকটিমকে আইপিডি (IPD) হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।











