চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রঘুরামপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৪) ও তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ (২৩)।
রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জানিয়েছে।
তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী কুমিল্লার মনােহরগঞ্জ উপজেলার বাসিন্দা। ২ মাস আগে ধর্ষক মাে. মেহেদী হাসানের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সূত্র ধরে গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেমিক মেহেদী হাসান তাকে যাদবপুর গ্রামের একটি ব্রিজের পাশে আসতে বলে। সেখানে গেলে তার প্রেমিক মেহেদী হাসান ও তার বন্ধুরা মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং নগ্ন ছবি ধারণ করে।
৮ এপ্রিল ২য় আসামি আবু সালেহ ভুক্তভোগীর মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে রোববার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।











