পাকিস্তানের পার্লামেন্ট থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আইনপ্রণেতারা।
সোমবার (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটির কয়েক মিনিট আগে এই সিদ্ধান্তের কথা জানায় দলটি।
সোমবার বিকালে পার্লামেন্ট ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটারে দেওয়া এক পোস্টে পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সচিব ফারুখ হাবিব জানান।
তিনি বলেন, আমদানি করা সরকারের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রবিবার পিটিআই’র সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, দলের আইনপ্রণেতারা সোমবার গণহারে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করবেন।











