spot_img
spot_img

আমাদের ভোট যুদ্ধ করতে হবে : মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত হোন, ভোট যুদ্ধ করতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে। এটিই হবে আমাদের একমাত্র পরিকল্পনা।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউর বিএডিসি ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মায়া বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আজকে মির্জা ফখরুল সাহেব বলেন- আমরা নির্বাচনে যাব না। আর কাউকে নির্বাচন করতেও দিব না। এটা একটা রাজনৈতিক দলের কথা হলো? আপনি নির্বাচনে যাবেন না ভালো কথা। নির্বাচন বানচাল করবেন, নির্বাচন নিয়ে আগুন সন্ত্রাস করবেন, এটা আওয়ামী লীগ বেঁচে থাকতে কখনো হবে না।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ভোটে বিশ্বাসী। আইনের শাসন আমরা মানি। নির্বাচনের আচরণবিধি মেনেই আমরা কাজ করতে চাই। যারা নির্বাচন করবে আমরা সবাইকে দাওয়াত করি- সবাই নির্বাচনে আসুন। একটা প্রতিযোগিতা হোক। একটা লড়াই করে দেখি কার কত মাজায় জোর আছে। যারা বলে নির্বাচন করতে দিবে না তাদের জন্য আমাদের একটাই স্লোগান হবে, শেখ হাসিনার সরকার, বার বার দরকার। এই সরকারের জন্য আবার কাজ করতে হবে। বাংলাদেশের যত আগাছা আছে সব পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যত আত্মীয়-স্বজন আছে তাদের বাড়ি যেতে হবে, শুধু টঙ্গী ঘুরবেন, আত্মীয় স্বজনদের বাড়িতে যাবেন। কার কোন আত্মীয় আছে কার কোন বন্ধুবান্ধব আছে, সব খুঁজে বাহির করতে হবে। তাদেরকে খুঁজে বের করে ভোট চাইতে হবে। সবার কাছে ভোট চাইতে হবে। আমাদের রিকশাওয়ালা ভাইদের কাছেও ভোট চাই হবে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ বিজয়ী আমরা হব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ