মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকা আসছেন আজ। সন্ধ্যায় দিল্লি হয়ে বাংলাদেশে পৌঁছাবেন তারা।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে মার্কিন অতিথিদের অভ্যর্থনা জানাবেন। ওই প্রতিনিধিদলে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি বহুল আলোচিত ডোনাল্ড লু রয়েছেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, গণতন্ত্র, মানবাধিকার বিশেষত আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার বিষয়ে আলোচনা করতে আসছে মার্কিন প্রতিনিধিদলটি। উজরার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি দু’দিন আগে ভারতে এসেছে। সেখানে অনানুষ্ঠানিক পর্বে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে বলে খবর বেরিয়েছে।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে মার্কিন ভিসা দেয়া হবে না এমন শর্তজুড়ে গত মে মাসে যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র ভিসা নীতির ঘোষণার পর এটাই দেশটির জ্যেষ্ঠ প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। সঙ্গত কারণেই প্রতিনিধিদলের সফরে মুখ্য আলোচ্য হবে নির্বাচন। বিশেষত: নির্বাচনটি কোন ফর্মে অনুষ্ঠিত হবে।
সূত্র এ-ও জানিয়েছে, মার্কিন যে প্রতিনিধিদলের প্রধান বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়ে ওয়াশিংটনে ফিরে যাবেন।
তবে ওই টিমের প্রভাবশালী সদস্য ডোনাল্ড লু দক্ষিণ এশিয়াতেই থাকছেন। তিনি বাংলাদেশ থেকে নেপাল যাবেন। সে কারণে তিনি বাড়তি কয়েক ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন। বহুল আলোচিত ওই মার্কিন কর্মকর্তা ওই সময়ে নিজের মতো করে বাংলাদেশে কাটাবেন বলে জানা গেছে।











