৫ দফা দাবিতে সিলেটে আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছ সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি জানান, পরিবহন শ্রমিকদের ৫ দফা দাবি হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা।
তিনি আরও বলেন, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। অনতিবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।











