ফিলিস্তিনি জনগণকে মধ্যপ্রাচ্যের দেশ জর্দানে তাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার। এমনটিই জানিয়েছেন নেসেটের ইসরাইলি-ফিলিস্তিনি সদস্য আহমেদ তিভি।
সাম্প্রতিক সময়ে, জর্দানের একটি মানচিত্র এক্স বার্তায় পোস্ট করেছেন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। যেখানে তিনি বলেছেন, “জর্দানই হল ফিলিস্তিন, আর ফিলিস্তিনই জর্দান।”
আর এই পোস্টটিকে আহমেদ তিভি তার এক্স একাউন্টে শেয়ার করে সতর্কবার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, অবৈধ বসতি স্থাপনকারীদের মুখেও একই ধরনের স্লোগান শুনতে পাওয়া গেছে। বিভিন্ন সময় তারাও ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল ও জর্দানে বাস্তচ্যুত করার আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ তো চরমপন্থার সীমা অতিক্রম করে পুরো জর্দানকে দখলের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে অত্র অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ‘বৃহত্তর ইসরাইল’ তৈরি করার দাবি জানিয়েছেন এসব অবৈধ বসতি স্থাপনকারীরা।
তবে ফিলিস্তিনি জনগণকে এইভাবে বাস্তচ্যুত করলে তা একটি যুদ্ধের ঘোষণা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জর্দান।
সূত্র: মিডল ইস্ট মনিটর











