ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমকালে ১০ জনের একটি দলকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ৩জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল, পাবনা ও বাগেরহাট জেলায়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে জেলার মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার যাদবপুরের পারগোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশের অভ্যন্তরের ৫০০ গজ ভেতরে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সেই থানায় তাদের সোপর্দ করা হয়েছে।










