ময়মনসিংহের গৌরীপুর বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ‘বিদ্যুৎ খাতে দুর্নীতি চলবে না’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গ্রাহকরা। সমাবেশে সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা ফজলুল বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
শুক্রবার (১২ মার্চ) উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া কদমতলী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
ফজলুল হক বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে মাতৃভূমি স্বাধীন করেছি। স্বাধীন দেশে বিদ্যুৎ বিভাগের আচরণ দেখে মনে হয়, আমরা এখনও পরাধীন। মনে হচ্ছে- তারা যাই করবে, আমাদের তাই মেনে নিতে হবে। এটা হতে দেওয়া হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন, মফিজ উদ্দিন, মুহাম্মাদ হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী রইছ উদ্দিন প্রমুখ।
সমাবেশে মুদি দোকানি হেলাল উদ্দিন জানান, তার নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা। অক্টোবর মাসেও বিদ্যুৎ বিল এসেছে ৮ হাজার ১১৪ টাকা ইউনিট ছিল ১২৯৬০। এক মাসে রিডিং ৯৩ হাজার ৮১৪ ইউনিট উঠে যায়। বিদ্যুৎ বিভাগে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান তিনি।












