ইসলাম ও মহানবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জের কৌশিক বিশ্বাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ‘জেহাদি তোষণকারী’ নামক একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ও মহানবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করে পোস্ট দেয় কৌশিক বিশ্বাস। বিষয়টি জানাজানি হলে তারাবিহর নামাজ শেষে কৌশিকের শাস্তির দাবিতে মিছিল বের করে স্থানীয় মুসল্লিরা।
এরপর পুলিশ কৌশিককে হেফাজতে নেয়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৌশিক বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











