যৌন হয়রানির অভিযোগে মো. আতিকুর রহমান নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করেছেন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। এ ঘটনায় তাকে বরখাস্ত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।
সোমবার (১১ এপ্রিল) মারধরের ঘটনার ও শিক্ষকের ক্ষমা চাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শিক্ষক আতিকুরকে গালাগাল দিচ্ছিলেন কিছু শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী ম্যাথ বুঝতে শিক্ষক আতিকুরের কাছে গেলে তিনি মেয়েটিকে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে গিয়ে শিখতে বলেন। সে শিক্ষার্থী বিষয়টি এড়িয়ে গেলে আতিকুর তাকে নানাভাবে হয়রানি করতে থাকেন, মধ্যরাতে কল করেন। ছাত্রীটি টিউশনির কথা জানিয়ে এড়াতে চাইলে আতিকুর তাকে নানাভাবে জোর করতে থাকেন। আইফোন কিনে দেয়ার প্রলোভন দেখান।
পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের ঘটনাটি জানিয়ে তাদের পরামর্শে শিক্ষক আতিকুরকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কফিশপে দেখা করতে বলেন। আতিকুর সেখানে গিয়ে অন্য শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে দৌড় দিলে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলা হয়। এসময় তিনি ১ লাখ টাকায় বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন। শিক্ষক আতিকুরকে মারধর করে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে তাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়।











