পহেলা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে মুখোশ পরে প্রবেশ করা যাবে না। এছাড়া অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, এবার রোজার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই কোনো খাবার দোকান খোলা থাকবে না। রমজান চলমান থাকায় রমনা বটমূল ও এর আশপাশ এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান বেলা দুইটার মধ্যে শেষ করতে হবে। দুপুর একটার মধ্যে কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, রমনার বটমূলে প্রবেশে চেকপোস্ট থাকবে। চেকপোস্টে চেক না করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কোনো যানবাহন এ এলাকায় চলবে না। রমনা এলাকায় ডগ স্কোয়াড সুইপিং করেছে। আরও করা হবে। পুরো চত্বরে সিসিটিভি থাকবে।
তিনি বলেন, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে রমনার লেকের পানিতে।
ইভটিজিং রোধে ডিএমপি কমিশনার বলেন, সাদা পোশাকে পুলিশের উল্লেখযোগ্য সদস্য সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবেন।










