ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি দলের পক্ষ থেকে কূটনীতিকদের শুভেচ্ছা জানান।
ইফতারের আগে এক বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির এমন ইফতার অনুষ্ঠানে আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকতেন। অথচ তিনি আজ গৃহবন্দি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড একই টেবিলে বসে ইফতার করেন।
এতে অন্যদের মধ্যে অংশ নেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। এছাড়াও পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










