বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে হিন্দু যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এমন অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে ওই যুবকের বাবার দায়ের করা মামলায় তাদেরকে আটক করা হয়। ওই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার হাওলাদার বাদী হয়ে ওই যুবককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছেন। এ মামলায় ওই হিন্দু যুবককে আটক করা হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকালে দুই মামলার ১৮ আসামিকে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ১০টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, মোংলা ও মোরেলগঞ্জের সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।











