প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানে (দিল্লি) নির্বাচন হয়নি। আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না।
শনিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান্ শেষে তিনি এসব কথা বলেন।
নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) প্রদানের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে থাকবে কি-না জানতে চাইলে সিইসি বলেন, বিশ্বের অন্যান্য দেশে এনআইডি কার্যক্রম ভিন্ন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করে। আমাদের দেশে যেহেতু এনআইডি কার্যক্রমেরও সূচনা করেছে নির্বাচন কমিশন, তাই এটি কমিশনের কাছেই থাকা উচিত বলে সরকারের কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছি।
সভায় সিইসি বলেন, বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম, সেসব এলাকার ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী ২১ জুন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণ বেশি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে খুলনা অঞ্চলের ১৬৩টি স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রয়েছে।











