ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে। সেই সঙ্গে তেহরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি।’
বৃহস্পতিবার (১১ জুন) সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে এসব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। তারা পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, আর এ বিষয়টিতে আমরা অনড় ছিলাম।’
ট্রাম্পের ভাষায়, ‘আমরা একটি চমৎকার চুক্তি করেছি। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বলা যায়, বিষয়টি প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, সবই পেয়েছি।’
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা











