আফগান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী। গত বুধবার নিজ কার্যালয়ে তাদের সাথে সাক্ষাত করেন তিনি। এসময় আফগান পররাষ্ট্রমন্ত্রীর ইমামতিতে নামাজ আদায় করেন দেশটির ক্রিকেটাররা।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাওলানা আমির খান মুত্তাকী আফগান জাতীয় ক্রিকেট দল তালেবান সরকারের কাছ থেকে সব ধরণের সহায়তা পাবে বলে আশ্বস্ত করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে দেশের জন্য জয়ের গৌরব নিয়ে আসায় ক্রিকেট দলের প্রশংসা করেন।
মাওলানা মুত্তাকী বলেন, খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া বৈশ্বিক পর্যায়ে জনগণের সাথে সরকারের ইতিবাচক সম্পর্কের বার্তা ছড়িয়ে দিতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ক্রিকেটারদের উদ্দশ্যে তালেবানের এই শীর্ষ নেতা বলেন, জাতীয় দলের সাফল্য, দেশে এবং দেশের বাইরে জাতীয় ও ইসলামী মূল্যবোধের প্রতি একনিষ্ঠতা এবং কোচ ও অধিনায়কের প্রতি আনুগত্য থাকতে হবে। একে অপরের সাথে সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রাখাও গুরুত্বপূর্ণ। প্রতিনিধি হিসেবে বিশ্ব দরবারে আফগানিস্তানকে উপস্থাপন করার জন্য আরো ভালো প্রস্তুতি ও অনুশীলন দরকার।
আফগান ক্রিকেট দল তালেবান নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন পাবে বলে পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী।
আফগান ক্রিকেট বোর্ডের প্রধান মীরওয়াইস আশরাফ ও অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে আফগান ক্রিকেট বোর্ড প্রধান মাওলানা মুত্তাকীর নিকট কিছু প্রস্তাবনা পেশ করেন। জাতীয় দলের আসন্ন চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন।











