বিএনপির নিবন্ধন বাতিলসহ চার দফা দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এই দাবির কথা জানান।
পরশ বলেন, দেশব্যাপী বিএনপির রাজনীতি বন্ধসহ চারটি দাবি নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছি। আমাদের দাবি আবেগের দাবি না, এই দাবি কেবলই যৌক্তিক দাবি না, এই দাবির পেছনে কিছু কারণও রয়েছে।
তিনি বলেন, ১৫ আগস্টের হত্যার পেছনের কুশীলবদের বের করে আনতে হবে। জাতিকে কলঙ্কমুক্ত করতে এই ‘৭৫ এর নেপথ্যে কী ছিল তা জানা প্রয়োজন।
তিনি আরও বলেন, আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন যারা দেখে তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের মানুষ যদি জীবিত থাকে তবে শেখ হাসিনার ওপর আর কোনো হামলা আমরা হতে দেবো না। ওই বিএনপি-জামায়াত যদি আসে আমাদের নেত্রীর ওপর হামলা করতে তবে তাদের এক বিন্দু ছাড় আমরা দেবো না।










