কোনো অবস্থায়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ থেকে পদত্যাগ করবেন না বা সংসদও বিলুপ্ত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, খেলা হবে নির্বাচনে। খেলা হবে ভোটের মাঠে। প্রধানমন্ত্রী পদত্যাগও করবেন না, সংসদও বিলুপ্ত হবে না। আর তত্ত্বাবধায়ক সরকারও হবে না। চাইলে নির্বাচনে আসুন নইলে নয়।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।
শত্রুতা ও নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে আজীবন বিরোধী দল হিসেবে থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের আজীবন বিরোধীদলে থাকতে হবে।
নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই মুহূর্তে বিশ্বের ২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো বিদেশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। কী অপরাধ বাংলাদেশের? এখানে তারা হস্তক্ষেপ করছে কেন? তাদের সমস্যা আমাদের উন্নয়ন, অগ্রগতিতে।
তিনি বলেন, বিদেশিরা পেয়েছে শুধু বাংলাদেশকে। পান থেকে চুন খসলেই তারা আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসা রেস্ট্রিকশন দেবে।










