spot_img
spot_imgspot_img

প্রতিশ্রুতি অনুযায়ী গভীর রাতে সুবিধাবঞ্চিতদের খাবার পৌঁছে দিলেন এমপি হানজালা

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গভীর রাতে সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

সম্প্রতি গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিজ হাতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় সাধারণ মানুষের দুয়ারে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার ছবি ও ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন হানজালা।

নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের সেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ দিয়েছিলেন তিনি। তখন হানজালা বলেছিলেন, ‘আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব।’

স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে নির্বাচনের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবে দেখছেন।

খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। তিনি সংসদ সদস্যের মাথায় হাত রেখে দোয়া করেন।

সমিরুন্নেছা বলেন, ‘আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি। আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির হয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।’

এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণে সবার সহযোগিতা ও কিছুটা সময় চান তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীকে নির্বাচন করেন সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে মাদারীপুর-১ আসনে বিজয়ী হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ