spot_img

ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ ও ভোটারগণ: ওবায়দুল কাদের

‘সরকারকে আর সময় দেওয়া যায় না’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ, আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটারগণ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংয়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে, কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেস ক্লাবের ভিতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, বিএনপির আন্দোলন আর অভ্যুত্থানের হাকডাক জনগণ বোঝে। তাদের এই গর্জনে বৃষ্টি হয় না, এটা মানুষ বুঝে গেছে। তাদের আন্দোলন লিপ সার্ভিসেই সীমাবদ্ধ। তাদের মাঠে দেখা যায় না, কোমর ভাঙা বিএনপি আর মাঠে নামাতেও পারবে না। সেই সক্ষমতা নেই তাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যারা অপেক্ষা করেছেন তাদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রিন্টিং এর জন্য প্রায় সাড়ে বার লাখ ড্রাইভিংলাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ