সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তাজিকিস্তানে পালিয়ে গেছেন মাসুদ

তাজিকিস্তানে পালিয়েছেন ন্যাশনাল রেজিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) প্রধান আহমদ মাসুদ।

তালেবান বিরোধী হুঙ্কার দেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে পালিয়ে যান তিনি। তালেবানবিরোধী এই নেতা পাঞ্জশির উপত্যকায় নিয়ন্ত্রণ বজায় রাখতে দীর্ঘদিন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সহায়তা পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা, পেন্টাগনের এক কনসালট্যান্ট এবং আফগান সরকারের সাবেক দুই উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যান আহমদ মাসুদ। এর মাত্র কয়েক দিন আগে পালিয়ে যান আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

আহমদ মাসুদ নর্দার্ন অ্যালায়েন্সের প্রয়াত নেতা আহমদ শাহ মাসুদের ছেলে।

আফগান প্রতিরোধ লড়াইয়ের দুই গুরুত্বপূর্ণ মুখ পালিয়ে গেলেও গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তাদের সমর্থন দেয়নি সিআইএ। মাসুদ ও সালেহ উভয়েই পশ্চিমা দেশগুলোর কাছে তালেবানবিরোধী লড়াইয়ে সমর্থন চান। কিন্তু বাইডেন প্রশাসন তাতে কোনও সাড়া দেয়নি।

পাঞ্জশিরের পতনের পর মাসুদ কিংবা সালেহ কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। আহমদ মাসুদ বর্তমানে তাজিকিস্তানের রাজধানী দুশানবের একটি ‘সেফ হাউজে’ বসবাস করছেন। কাছাকাছি আরেকটি স্থানে রয়েছেন আমরুল্লাহ সালেহ।

পুরনো আফগান সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তার দাবি, কয়েক দিন আগেই তিনি মাসুদ ও সালেহর সঙ্গে ফোনে কথা বলেছেন।

সূত্র: দ্য ইন্টারসেপ্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ