spot_img

আল্লাহ শেখ হাসিনার ওপরে রহমতের চাদর বিছিয়ে রেখেছেন : শামীম ওসমান

সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, বাংলাদেশের সবগুলো জাতীয় পত্রিকায় দেখলাম অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যেও আল্লাহ শেখ হাসিনার ওপরে রহমতের চাদর বিছিয়ে রেখেছেন। এই কারণে বাংলাদেশের ওপরে, দেশের মানুষের ওপরে আল্লাহর রহমত আছে।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেল ক্লাবে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

শামীম ওসমান বলেন, বিশ্বব্যাংকসহ সবাই বলছে- আগামী ২০২৩ সালে বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অবস্থা থাকবে, তা ভারত ও চীনের তুলনায় ভালো অবস্থানে থাকবে। তিনি (প্রধানমন্ত্রী) প্ল্যান করে দেশটাকে নিয়ে এগোচ্ছেন। কিন্তু যারা বলতে চান শেখ হাসিনার সরকারের পরিবর্তন ঘটিয়ে ফেলবেন জনগণকে দিয়ে, তাদের বলতে চাই- আপনাদের পাশে সন্ত্রাসী থাকতে পারে, আগুন সন্ত্রাসী থাকতে পারে-কিন্তু এ দেশের মানুষ আপনাদের পক্ষে নাই।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যারা দেশকে ভালোবাসি। আমাদের মধ্যে ভালো-খারাপ আছে। রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রতিটি সেক্টরে ভালো-খারাপ আছে। কিন্তু সারা পৃথিবী যখন অর্থনৈতিক সংকটে, তখন আমাদের লাঠি-বাঁশ নিয়ে মিছিল করে আঘাত করার কথা না। আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকি তখন আমাদের কী করার কথা? বিরোধী দল কিংবা সরকারি দল- যে দলেই থাকি না কেন, আমাদের তখন বলা উচিত- আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দনশীল, কেন্দ্রীয় শ্রমিকলীগের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, সদস্য সচিব মো. কামাল হোসেনসহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ