ভারতের উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নদীপথে বিলাসবহুল প্রমোদতরী উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এটির উদ্বোধন করেন। এই প্রমোদতরীর ভ্রমণের বড় একটি অংশ হবে বাংলাদেশের ওপর দিয়ে।
বিলাসবহুল এই প্রমোদতরীর নাম গঙ্গা বিলাস। এতে থাকবে নদী-বিহারের ব্যবস্থা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারত ও বাংলাদেশের ২৭টি নদী দিয়ে যাবে বিলাসবহুল নৌযান গঙ্গা বিলাস। এটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে, গাজিপুর, রামনগর, বক্সার হয়ে অষ্টম দিনে পৌঁছবে পাটনায়। ফারাক্কা ও মুর্শিদাবাদ হয়ে সুন্দরবন ঘুরে ২০তম দিনে পৌঁছবে কলকাতা। তার পরের দিনই তা বাংলাদেশের দিকে যাত্রা শুরু করবে।
বাংলাদেশে এক হাজার একশ কিলোমিটার নদীপথ পাড়ি দেবে এই প্রমোদতরী। সোনারগাঁও যাবে, ষাট গম্বুজ মসজিদ দেখানো হবে। ঢাকা ও টাঙ্গাইল ছাড়াও প্রমোদতরী যাবে বাগেরহাট, হাড়বাড়িয়া, কটকা, মোড়লগঞ্জ, বরিশাল, মেঘনাঘাট, সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ, চিলমারি ও রংপুরে।
এরপর ধুবরি, গুয়াহাটি, তেজপুর হয়ে আসামের ডিব্রুগড়। সেখানেই যাত্রা শেষ।











