মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে অবমাননাকারী হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে এবার বন্দুক বহনের লাইসেন্স দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্স চেয়ে অনুরোধ করার পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি পুলিশ নূপুর শর্মাকে এ লাইসেন্স দিয়েছে।
এর আগে গত বছরের (২৬ মে) এক টেলিভিশন অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে অবমাননা করার পরপরই শুরু হয় ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মহলে তোলপাড়। এমন পরিস্থিতিতে নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে শুনানি চলাকালে ইসলাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে দেশে আগুন লাগানোর জন্য গত বছরের জুলাই মাসে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলেন আদালত।
নূপুর শর্মার উদ্দেশে সুপ্রিম কোর্ট বলেন, যেভাবে তিনি সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছেন, দেশে যা ঘটছে তার জন্য এই নারী একাই দায়ী।
আদালতের এই পর্যবেক্ষণের পর থেকেই জীবননাশের হুমকি পাওয়ার দাবি করে আসছেন নূপুর শর্মা। এজন্য পুলিশি নিরাপত্তাসহ বন্দুকের লাইসেন্স চেয়ে আসছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার তাকে বন্দুক বহনের লাইসেন্স দিল দিল্লি পুলিশ।











