ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, আমি আবারও উল্লেখ করছি, আমাদের অবশ্যই জেরুসালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে। সেই সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রক্রিয়া আরও বেগবান করতে হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আরব গ্রুপের বর্ধিত ট্রোইকার স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের গুতেরেস এ কথা বলেন।
গত সপ্তাহে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন, ফিলিস্তিনি পক্ষ এ ঘটনাকে উস্কানি হিসাবে নিন্দা জানিয়েছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।
গুতেরেস বলেন, জাতিসংঘ ইসরাইলের অস্তিত্ব এবং নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। একই সময়ে, বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।
দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে একটি ফলো-আপ প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, আমি যা বিশ্বাস করি তা হল এ ক্ষেত্রে কোনও বিকল্প নেই, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করবে।










