জনধিকৃত বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। জনধিকৃত বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। মিডিয়া সবসময়ই বিএনপি নিয়ে কথা বলে, অথচ জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেয়া সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে, এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। অথচ ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা ও সহিংসতা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ.ক.ম সরোওয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










