মাত্র তিন দিনের ব্যবধানে বন্ধ হয়ে গেছে আমেরিকার দু’টি ব্যাংক। এ ব্যাংক বিপর্যয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কভিত্তিক আঞ্চলিক ঋণদাতা সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সময় রোববার (১২ মার্চ) প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যেন তাদের সঞ্চিত অর্থ ফিরে পান সেজন্য অর্থমন্ত্রী জানেত ইয়েলেন এবং জ্যেষ্ঠ অর্থ উপদেষ্টা লায়েল ব্রেইনার্ড তার নির্দেশক্রমে অর্থনৈতিক নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, আমি খুশি যে তারা এমন একটি সমাধানে পৌঁছেছেন যা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, করদাতা ও আর্থিক ব্যবস্থাপনাকে রক্ষা করবে।
তিনি আরও বলেন, এই বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহিতার মুখোমুখি করব এবং এ ধরনের পরিস্থিতিতে যেন আমরা আর না পড়ি সেজন্য আমাদের ব্যাংকের নীতি আরও শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করে যাব।
সূত্র: সিএনএন











