পাকিস্তানে যখন রাজনৈতিক উত্থান পতনের ‘মেলা’ বসেছে তখনই দেশটির সংসদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তর্জাতিক ভিক্ষুক বলে চিনিয়ে দিলেন ইমরান খানের দলের এমপি ফাহিম খান।
এই এমপি নিজেই এই ভিডিওটি রেকর্ড করেন। ভিডিওটি তিনি সোমবার (১১ এপ্রিল) টুইটারে শেয়ার করেছেন। শাহবাজ শরিফের শপথ গ্রহণের কিছুক্ষণ আগে ধারণ করা এই ভিডিওতে ফাহিম খানকে বলতে শোনা যায়, এখন আমি জাতীয় পরিষদে অবস্থান করছি। আমি আপনাদের এখন একজন আন্তর্জাতিক ভিক্ষুককে দেখাবো। এটা বলেই তিনি মুঠোফোনের ক্যামেরা শাহবাজ শরিফের দিকে তাক করান। এরপর আবারও গর্জে ওঠেন তরুণ এই সংসদ সদস্য।
নিজের টুইটার অ্যাকাউন্টে ফাহিম খান ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়। ইমরান সমর্থক নেটিজেনরা ফাহিমের ‘সাহসিকতা’র প্রশংসা করেন। তারা শাহবাজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।











