আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই গ্রাফিকে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝখানে আমেরিকার পতাকা বসিয়ে দেশটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে।
বুধবার (১৩ মে) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উচ্চ পর্যায়ের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে ট্রাম্প এই উস্কানিমূলক পোস্ট প্রকাশ করেন।
এর একদিন আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, তার দেশ কখনোই আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা চিন্তা করেনি। এমনকি গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে আমেরিকার বাহিনী আটক করার পরও নয়। তারা আমেরিকার হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয় বলেও জানান তিনি।











