আমেরিকার সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তিতে চীন ও রাশিয়ার মতো ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নিশ্চয়তা থাকা জরুরি বলে জানিয়েছেন চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুররিজা রহমানি ফাজলি।
তিনি বলেন, আমেরিকার সঙ্গে ভবিষ্যতে কোনো চুক্তি হলে তা অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। একইসঙ্গে চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সুনির্দিষ্ট গ্যারান্টি থাকতে হবে।
বুধবার (১৩ মে) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে হয়।
এর আগে রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবদুররেজা রহমানি ফাজলি চীনের সঙ্গে ইরানের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
ইরানের রাষ্ট্রদূত চীনকে তেহরানের ‘কৌশলগত অংশীদার’ ও ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান এবং এ অঞ্চলের দেশগুলোর কাছে চীনের বিশেষ অবস্থান ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাই বেইজিং চাইলে যেকোনো আন্তর্জাতিক চুক্তির প্রধান জামিনদার হিসেবে ভূমিকা রাখতে পারে।
তেহরান মনে করছে, শুধু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নয়, বরং চীনের মতো বড় শক্তির নিশ্চয়তা থাকলেই আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী সমঝোতা বা শান্তি কার্যকর হতে পারে।
সূত্র: আল-জাজিরা











